খুলনা জিরোপয়েন্ট এলাকা থেকে ৩৯ লাখ টাকার জালনোটসহ এসএম মামুন (৪২) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
আজ শনিবার দুপরে খুলনা-গোপালগঞ্জ রুটের বাসে ওঠার সময় পুলিশ তাকে গ্রেফতার করে। এসময় তার সাথে থাকা স্কুল ব্যাগে তল্লাশী করে ৩৯ লাখ টাকার জালনোট পাওয়া যায়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) শেখ মনিরুজ্জামান মিঠু জানান, শনিবার দুপুর দেড়টার দিকে নগরীর জিরোপয়েন্ট এলাকা থেকে ৩৯ লাখ টাকার জাল নোটসহ মামুনকে গ্রেফতার করা হয়। মামুনের কাছ থেকে জব্দকৃত সবগুলোই ১ হাজার টাকার নোট।
নগরীর লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার রাতে নগরীর খালিশপুর থানা এলাকা থেকে জাল টাকা তৈরির সরঞ্জামসহ দুইজনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতদের কাছ থেকে চার হাজার টাকার জাল নোট, তিনটি কালার প্রিন্টার, একটি লেমিনেটিং মেশিন, একটি ল্যাপটপ, একটি টাকা তৈরি করার ডিজিটাল প্লেট, ছয়টি বোতলে (রিফিল) কালি এবং সাদা রঙের দুই বান্ডিল ট্রেস পেপার জব্দ করা হয়।
এএস





