ভারতে পাচার কালে বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ড এলাকা থেকে আজ সোমবার সকালে আবারও ১০ সোনার বারসহ ১ জন সোনা পাচারকারীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তরা।

এনিয়ে গত ৭ দিনে ২৫টি সোনার বারসহ ৫ পাচারকারী আটক হয়েছে।

আটককৃত ব্যক্তি হচ্ছেন- কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ধরানী পাড়া গ্রামের মকবুল হোসেন’র ছেলে মাইন উদ্দিন।বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টকে নিরাপদ রুট হিসেবে এরা পাসপোর্ট যোগে সোনা পাচার করে আসছিল দীর্ঘদিন ধরে।

বেনাপোল শুল্ক গোয়েন্দা অধিদফতরের ডেপুটি কমিশনার মো: আব্দুস সাদেক জানান, বেনাপোল চেকপোস্ট দিয়ে বিপুল পরিমান সোনা পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে শুল্ক গোয়েন্দার একটি টিম নোম্যান্সল্যান্ড এলাকায় ভারতগামী পাসপোর্ট যাত্রী মাইনউদ্দিনকে আটক করে।

পরে তাদের দেহ তল্লাশী করে দেহে ফিটিং অবস্থায় বিশেষ কায়দায় লুকানো ১০ টি সোনার বার জব্দ করা হয়। আটক সোনার মূল্য ৫০ লাখ টাকা বলে গোয়েন্দা কর্মকর্তা জানান। আটক সোনা বেনাপোল কাস্টমস হাউসে জমা দেয়া হয়েছে।

আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। তবে কিভাবে আটক ব্যক্তিরা কাস্টম’র তল্লাশী কেন্দ্র পার হয়ে গেল তা নিয়ে গোয়েন্দা সংস্থা গুলো তদন্ত শুরু করেছে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।

নাছির/এমবি