জামালপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন বিএনপির প্রার্থী শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

এছাড়াও বিএনপি নেতা-কর্মীদের যৌথবাহিনী দিয়ে হয়রানি ও মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ করা হয়েছে।

শনিবার(১৯ ডিসেম্বর) দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

বিএনপির মেয়র প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন লিখিত বক্তব্যে বলেন, আওয়ামী লীগ প্রার্থী মির্জা সাখাওয়াতুল আলম মনি এবং আওয়ামী লীগের নেতা-কর্মীরা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে সভা সমাবেশ করছে। তারা বিএনপি প্রার্থীর ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলছে এবং প্রচারণায় বাধা দিচ্ছে। সুষ্ঠু নির্বাচনের জন্য সেনাবাহিনী মোতায়েনের দাবি করেছেন তিনি।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সহ-সভাপতি আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শহিদুল হক খান দুলাল, অ্যাডভোকেট শাহজাহান, আহছানুজ্জামান রুমেল, ছাইদুর রহমান খোকা, মাইনুদ্দিন বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএইচ