ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) উপ-নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত আতিকুল ইসলাম’সহ ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে।
অপরদিকে ঋণ খেলাপির অভিযোগে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী শাফিন আহমেদের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।
আজ শনিবার (২ ফেব্রুয়ারি) ডিএনসিসি’র মেয়র পদে জমা দেওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম-সচিব আবুল কাশেম বৈধ ও অবৈধ প্রার্থীদের নাম ঘোষণা করেন।
বাছাইয়ে বৈধ ঘোষণা করা প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের আতিকুল ইসলাম, এনপিপির আনিসুর রহমান দেওয়ান, এনডিএম এর ববি হাজ্জাজ, পিডিপির শাহীন খান এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহিম।
মেয়র পদে উপ-নির্বাচনে লড়তে ২৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দিয়েছিলেন মাত্র ৬ জন। বিএনপি ও তাদের মিত্ররা এই নির্বাচন বর্জন করেছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচন এবং উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নবগঠিত ৩৬ ওয়ার্ডের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এমবি





