ঢাকার বাড্ডার মতো নারায়ণগঞ্জেও একই দিনে বাক প্রতিবন্ধী সিরাজকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়।

সিরাজদের গ্রামের বাড়ি ভোলার লালমোহন উপজেলার মুগিয়া বাজার এলাকায়। চার ভাই ও তিন বোনের মধ্যে বড় তিনি। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন বাক প্রতিব্ন্ধী এই যুবক।

ঘটনার দিন চলে যাওয়া স্ত্রীর সঙ্গে থাকা মেয়েকে গোপনে দেখতে গিয়ে হামলার শিকার হন তিনি।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশিদও বলেছেন, বাক প্রতিবন্ধী ওই যুবককে ‘ছেলেধরা’ গুজব ছড়িয়ে হত্যা করা হয়েছে।

তিনি বলেন, “যারা এই গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। তাদের আইনের আওতায় আনা হবে।”

শনিবার সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাগলাবাড়ির সামনে ছেলেধরা সন্দেহে পিটিয়ে সিরাজকে (৩০) হত্যা করে এলাকার লোকজন। রাতে তার স্বজনরা থানায় গিয়ে লাশ শনাক্ত করেন।

রোববার সিদ্ধিরগঞ্জের সাইলো গেইট বটতলায় জানাজার জন্য রাখা সিরাজের লাশের পাশে বসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তার ছোট ভাই আলম।

তিনি বলেন, আট মাস আগে অন্য একজনের সঙ্গে সিরাজের স্ত্রী পালিয়ে যান। এরপর থেকে প্রতিদিন মেয়ের সন্ধানে ছিলেন তিনি। দুই মাস আগে মিজমিজি আলামিন নগর এলাকায় কাজ করতে গিয়ে রাস্তায় মেয়েকে দেখতে পান সিরাজ। সেই থেকে ৩-৪ দিন পরপর সকালে স্কুলে যাওয়ার রাস্তায় মেয়েকে দেখতে যেতেন।

শনিবার নিজের কাছে টাকা না থাকায় একটি মোবাইলের দোকান থেকে ১০০ টাকা ধার করে মেয়ের জন্য বিস্কুট, চিপস ও চুড়ি নিয়ে গিয়েছিলেন তিনি।

সিরাজের স্ত্রী তার বর্তমান স্বামীকে দিয়ে ‘মানুষকে ভুল বুঝিয়ে সিরাজকে হত্যা করিয়েছেন’ বলে আলমের অভিযোগ।

সিরাজদের গ্রামের বাড়ি ভোলার লালমোহন উপজেলার মুগিয়া বাজার এলাকায়। চার ভাই ও তিন বোনের মধ্যে বড় তিনি। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন বাক প্রতিব্ন্ধী এই যুবক।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীন শাহ পারভেজ জানিয়েছেন, শনিবার সকালে দলবেঁধে পিটুনিতে সিরাজ নিহত হওয়ার পাশাপাশি পাশের এলাকায় আরেক তরুণী আহত হন। এই দুই ঘটনায় পৃথক মামলা হয়েছে। দুই মামলায় অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

জেড