একাদশ শ্রেণিতে ভর্তি বাণিজ্য ঠেকাতে চট্টগ্রামের ছয়টি জায়গায় অভিযোগ বাক্স বসিয়েছে ছাত্রলীগ। বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে ভর্তি বাণিজ্যের বিরুদ্ধে এক সমাবেশ শেষে অভিযোগ বাক্সের উদ্বোধন করেন নগর ছাত্রলীগের নেতারা।

চট্টগ্রাম প্রেস ক্লাব সংলগ্ন বইয়ের দোকান বাতিঘর, চকবাজার মোড়ের মতি টাওয়ার, জিউসি মোড়ের সানমার ওশ্যান সিটি, আগ্রাবাদ এলাকার জামান হোটেল, নিউ মার্কেট ও বহদ্দারহাট মোড়ের ওয়েলফুড শো রুমে এ বাক্সগুলো স্থাপন করা হয়।

সমাবেশে চট্টগ্রাম নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমদ ইমু বলেন, “এ বাক্সগুলো স্থাপনের মধ্য দিয়ে আমরা অভিভাবকদের ভর্তি বাণিজ্যের বিরুদ্ধে সম্পৃক্ত করছি। শিক্ষাখাতে যে অর্জন সেটা ভর্তি বাণিজ্যের কারণে আমরা ম্লান হতে দিতে পারি না।”

কোনো কলেজ ভর্তির সময় সরকার নির্ধারিত তিন হাজার টাকার বেশি নিলে তা সরাসরি ছাত্রলীগ নেতাদের জানাতে বা লিখিত আকারে অভিযোগ বাক্সে রাখতে অভিভাবকদের প্রতি অনুরোধ করেন তিনি। পছন্দের কলেজটি সরকারি অনুমোদনপ্রাপ্ত কি না তা যাচাই করে ভর্তি হতে শিক্ষার্থীদের পরামর্শ দেন তিনি।

সমাবেশে নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি বলেন, “কোনো কলেজ ভর্তির সময় উন্নয়ন ফি নিতে পারবে না। সর্বসাকুল্যে তিন হাজার টাকার উপর কেউ আদায় করলে আমাদের জানাবেন।”তিনি বলেন, “ল্যাপটপ, মাল্টিমিডিয়া ও ট্যাব ইত্যাদি দেওয়ার নামে চটকদার বিজ্ঞাপন এক ধরনের ফাঁদ। আপনারা এ ফাঁদে পা দেবেন না।”

আলাদা রশিদে টাকা আদায় ভর্তি বাণিজ্যের সুচতুর কৌশল জানিয়ে রনি বলেন, কলেজের ড্রেস, বই, ডাইরির অর্থ কেউ আলাদা রশিদে আদায় করলে ছাত্রলীগকে জানাবেন। “ভর্তি বাণিজ্যের নামে মধ্যবিক্ত পরিবারের শিক্ষার্থীদের উপর যে বাড়তি বোঝা তৈরি করা হচ্ছে, তা সবাইকে সাথে নিয়ে প্রতিরোধ করবে ছাত্রলীগ।”

সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর ছাত্রলীগ নেতা, গোলাম সামদানী জনি, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, অর্থ সম্পাদক হাসানুল আলম সবুজ, স্কুলবিষয়ক সম্পাদক নিয়াজ মুহাম্মদ জুলফিকার, উপ-সম্পাদক মিজানুর রহমান মিজান ও শেখ সরফুদ্দিন।
জেড/মাসুম