সরকারের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যগুলো (এমপিজি) অর্জনকে অগ্রাধিকার দেওয়ার কারণে দারিদ্র্যের হার কমে ২৫ শতাংশে নেমে এসেছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, আমরা নিম্নআয়ের জনগণের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করেছি। ফলে দারিদ্র্যের হার ২০০৫ সালের ৪০ শতাংশ থেকে ২৫ শতাংশে নেমে এসেছে।

মঙ্গলবার ঢাকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের স্বাস্থ্যমন্ত্রীদের ৩২তম সম্মেলনের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে একই সঙ্গে ডব্লিউএইচও’র আঞ্চলিক কমিটির ৬৭তম সম্মেলনও শুরু হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন ডব্লিউএইচও’র মহাপরিচালক ড. মার্গারেট চ্যান।

চার দিনব্যাপী এ সম্মেলনে দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশের স্বাস্থ্যমন্ত্রীরা অংশ নিচ্ছেন। মন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে বুধবার ১০ সেপ্টেম্বর থেকে শুক্রবার ১২ সেপ্টেম্বর তিন দিনব্যাপী বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক কমিটির ৬৭তম সম্মেলন অনুষ্ঠিত হবে।

ঢাকা, ৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসআর