ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিএনপিসহ মোট ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
একাদশ জাতীয় সংসদের উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিনের কাছে তারা এই মনোনয়নপত্র দাখিল করেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ছিল এই উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।
রিটার্নিং কর্মকর্তার নথি থেকে জানা গেছে, ঢাকা-১৮ উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপি মনোনীত এসএম জাহাঙ্গীর হোসেন, আওয়ামী লীগ মনোনীত মোহাম্মদ হাবিব হাসান, গণফ্রন্টের কাজী মো: শহীদুল্লাহ, বাংলাদেশ কংগ্রেসের মো: ওমর ফারুক, জাতীয় পার্টির মো: নাসির উদ্দিন সরকার এবং প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) সমর্থনে মো: মহিববুল্লাহ বাহার।
আগামী ১৫ অক্টোবর মনোনয়ন যাচাই, ২২ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহার এবং ১২ নভেম্বর ভোট অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে আসনটি শূন্য হয়।
এমবি





