বরিশাল নগরীর কাউনিয়া থানা পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনাকে কেন্দ্র করে ২ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত ৭ জনকে আটক করেছে থানা পুলিশ।
কাউনিয়া থানার অফিার ইন চার্জ (ওসি) মাহাবুবর রহমান জানান, শুক্রবার রাত ৮টার দিকে কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) শাহিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘাউয়াশ্বর এলাকায় নিয়মিত টহল দিচ্ছিলেন। এ সময় ওই এলাকার প্রধান সড়কের পাশের বালুর মাঠে ৫ জন যুবককে সন্দেহজনকভাবে বসে থাকতে দেখে পুলিশ সদস্যরা তাদের দেহে তল্লাশি চালিয়ে গাজা উদ্ধার করে।
তিনি জানান, পরে ওই যুবকদের নিয়ে টহল দলটি গাড়িতে করে থানায় আসার পথে একই ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুরাদ আহম্মেদ রিন্টু দলবল নিয়ে পুলিশের গাড়ির গতিরোধ করে।
এ সময় তারা আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায় ও পুলিশের ওপর হামলা চালায়। এতে গুরুত্বর আহত হন কনেস্টেবল মোখলেস ও সাদেক।
বিষয়টি থানায় জানানো হলে, আরও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই ৫ যুবকসহ মোট ৭ জনকে আটক করে থানা পুলিশ।
আটককৃতরা হলেন, ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুরাদ আহম্মেদ রিন্টু ও তার ছেলে সালাউদ্দিন, আযাদ মিয়া, মফিজুল ইসলাম নান্টু, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান ও সালমান ওয়াহিদ।
অন্যান্য হামলাকারীদের আটকে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানায় থানা পুলিশ।
এছাড়ও এ ঘটনায় মাদক নিয়ন্ত্রন আইনে ও পুলিশি কাজে বাধা ও হামলার ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হবে বলে জানান ওসি।
ঢাকা, ৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





