নোয়াখালীর চাটখিল উপজেলার পশ্চিম রামনারায়ণপুর গ্রামে একটি ধানখেত থেকে কবির হোসেন (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকালে উদ্ধার হওয়া ওই লাশের মুখ সাদা কাপড় দিয়ে বাঁধা ছিল এবং বুকে গুলির চিহ্ন রয়েছে বলে জানা গেছে।
চাটখিল থানার অফিসার ইনচার্জ মো. নাছিমুল হক বলেন, নিহত কবির তালিকাভুক্ত সন্ত্রাসী। এ ছাড়া তিনি অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন।
তার বিরুদ্ধে থানায় একাধিক হত্যাসহ বিভিন্ন অভিযোগে ১০ টির বেশি মামলা রয়েছে। নিজেদের মধ্যে বিরোধের জের ধরে কবির খুন হতে পারেন বলে পুলিশ ধারণা করছে।
রামনারায়ণপুর ইউনিয়নের চৌকিদার আবদুল মান্নান জানান, গতকাল রাত ১১টার দিকে ওই গ্রামে পর পর কয়েকটি গুলির শব্দ শোনা যায়। ওই গ্রামে প্রায়ই এমন গুলির শব্দ হওয়ার কারণে স্থানীয় কেউ সেদিকে যাননি।
আজ সকালে ধানখেতে লাশ পড়ে থাকতে দেখে দুই নারী চিৎকার করেন। পরে তারা পুলিশে খবর দেন। কবিরের মুখ সাদা কাপড় দিয়ে বাঁধা ছিল ও বুকে গুলির চিহ্ন ছিল বলে জানান আবদুল মান্নান।
এআর





