ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ভোটগ্রহণের তিন ঘণ্টা অতিক্রম হলেও ভোটকেন্দ্র গুলোতে ভোটারদের উপস্থিতি কম। বেশিরভাগ ভোটকেন্দ্রে আওয়ামী সমর্থিত মেয়র ও কাউন্সিলর প্রার্থীর এজেন্টদের উপস্থিতি শতভাগ থাকলেও বিএনপির এজেন্ট সব কেন্দ্রে লক্ষ্য করা যায়নি।

রাজধানীর ফার্মগেটে অবস্থিত তেজগাঁও কলেজ কেন্দ্রে ভোটার উপস্থিতি কম লক্ষ্য করা গেছে। সকাল আটটা থেকে ভোট শুরু হলেও এখন পর্যন্ত ভোটারের উপস্থিত কম।

ঢাকা দক্ষিণ সিটির ২নং ওয়ার্ডের গোড়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে বিএনপির কাউন্সিলর প্রার্থীর এজেন্টকে পিটিয়ে রক্তাক্ত করে বের করে দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (লাটিম মার্কা) জহুরুল ইসলাম ভুট্টোকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। 

সকাল ৮টায় এই ভোট শুরু হয়। তবে বেলা ১০টা পর্যন্ত বেশিরভাগ কেন্দ্রে ভোটার উপস্থিতি খুবই কম। কিছু কেন্দ্রে ভোটার নেই বললেই চলে। নির্বাচনি দায়িত্ব পালনকারীদের অলস সময় পার করতে দেখা গেছে এসব কেন্দ্রে। দক্ষিণ সিটি করপোরেশনের একটি কেন্দ্রের সামনে দুই কমিশনার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

ঢাকার উত্তরার ৪ নম্বর সেক্টরের নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল ও কলেজ কেন্দ্রে বিএনপি সমর্থিত এক কাউন্সিলর প্রার্থী ও তাঁর এজেন্টদের মারধরের অভিযোগ উঠেছে।

প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের লোকজনের বিরুদ্ধে এ মারধরের অভিযোগ ওঠে। পরে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীর এজেন্টেদের ধাক্কা দিয়ে বের করে দিয়ে তাঁরা নিজেরাও বেরিয়ে যান। ওই কেন্দ্রে ভোট দিতে আসা আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, ওই প্রার্থী তাঁকে ঘটনাটি জানিয়েছেন।

রাজধানীর উত্তরা, মোহাম্মদপুর, ধানমন্ডি, মিরপুর, যাত্রাবাড়ী, পুরান ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ভোটার উপস্থিতি খুব কম। হাতে গোনা দুয়েকটি কেন্দ্র ছাড়া কোথাও ভোটারদের লাইন ছিল না। দুয়েকজন ভোটার এসে ভোট দিয়ে বের হয়ে যাচ্ছেন।

বারিধারায় কালাচাঁদপুর স্কুল কেন্দ্রে সকাল ৯টা পর্যন্ত ভোট পড়ে তিনটি।

রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে পাঁচটি বুথ করা হয়েছে। মোট ভোটার ১৬৮৪ জন। বুথগুলো ঘুরে দেখা যায়, কোনও ভোটার নেই। ২ নম্বর বুথে ২৯১ জন ভোটারের মধ্যে ১১ জন ভোট দিয়েছেন সকাল ১০টা পর্যন্ত। এই কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার সাধন কুমার বলেন, ‘ভোটার উপস্থিতি ১ পারসেন্টও না। বলতে গেলে একেবারেই ভোটার নেই।’

যাত্রাবাড়ীতে ভোট শুরুর পর একটি কেন্দ্রে লাইন ছিল ভোটারদের

মগবাজারে শের-ই-বাংলা স্কুল ও কলেজ কেন্দ্রে কোনও ভোটার চোখে পড়েনি। ভোটার না থাকায় বারান্দায় রোদ পোহাতে দেখা যায় পোলিং কর্মকর্তাদের।

রা‌য়ের বাজারে লোটাস ইন্টারন্যাশনাল স্কুল ভোট‌ কেন্দ্রে কোনও লাইন চোখে পড়েনি। ছয়টি ভোটক‌ক্ষে প্রথম এক ঘণ্টায় ভোট দিতে আসেন ২০ জন। কে‌ন্দ্রের দা‌য়িত্বরত পু‌লিশ সদস্য শ‌ফিক এই তথ্য নিশ্চিত করেন।

গেন্ডারিয়ায়ই দুই কমিশনার প্রার্থীর সমর্থকদের ভাঙচুর

এদিকে গেন্ডারিয়া হাইস্কুলের সামনে দুই কমিশনারের লোকদের মধ্যে সংঘর্ষ হয়। কেন্দ্রের বাইরে চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটে। এই সংঘর্ষের জেরে ওই কেন্দ্রে ভোট গ্রহণ কিছুক্ষণ বন্ধ ছিল।

বাধার অভিযোগ বিএনপির

কেন্দ্রে ভোটারদের ঢুকতে না দেওয়া এবং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির দুই মেয়র প্রার্থী। শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় গুলশান-২ এর মানারাত ইন্টারন্যাশনাল স্কুলে ভোট দেওয়ার পর উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে যান। এসময় তিনি এসব অভিযোগ করেন।

এজেন্ট ও ভোটারদের বাধার অভিযোগ করেন তাবিথ আউয়াল

সকাল সাড়ে ৮টার দিকে কালাচাঁদপুর স্কুল কেন্দ্রে যান তাবিথ। এসময় তিনি সাংবাদিকদের বলেন, ‘এ কেন্দ্রে ভোটারদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমাদের এজেন্টদেরও বের করে দিয়েছে। আমি এসেছি যেন ভোটারদের অন্তত প্রবেশ নিশ্চিত করতে পারি।’ কেন্দ্রে উপস্থিত থাকা পুলিশ সদস্যদের কাছে তিনি অভিযোগ জানান। সরেজমিনে দেখা গেছে, এই কেন্দ্রটি ভোটার শূন্য। গণমাধ্যমের কর্মীদের দেখে লাইনে দাঁড়ান নৌকার কার্ডধারী লোকজন। তবে লাইনে দাঁড়ালেও কাউকে কেন্দ্রে প্রবেশ করতে দেখা যায়নি।

বনশ্রী আইডিয়াল স্কুলেও ভোটার ও এজেন্ট প্রবেশ করতে না দেওয়ার অভিযোগ করেন তাবিথ। সকাল ৯টা ২০ মিনিটের দিকে এই কেন্দ্রে আসেন তিনি। ৯টা ৫০ মিনিটের দিকে শের-ই-বাংলা স্কুল ও কলেজ পরিদর্শন করে ভোটার ও এজেন্টদের প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ করেন তাবিথ।

পোলিং এজেন্টদের ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমরা শুনেছি যে, কয়েকটি কেন্দ্রে আমাদের পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না। আমরা ম্যাজিস্ট্রেটদের অবহিত করেছি। আমি সশরীরে কেন্দ্রে কেন্দ্রে ঘুরবো। কোনোকিছুই আমাদের আটকাতে পারবে না।’

খিলগাও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ

ঢাকা দক্ষিণ সিটির ১ নং ওয়ার্ডের খিলগাও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী শাহাদাত সাদুর (ঘুড়ি মার্কা) নির্বাচনী ক্যাম্প ভাংচুর করেছে আওয়ামী লীগ সমর্থিত মাহবুব আলমের (ঠেলাগাড়ি) লোকজন। ঘুড়ি মার্কার এজেন্টদের মারধর করে বের করে দেয়া হয় বলে জানা গেছে। এতে কাওছার নামের ঘুড়ি মার্কা প্রতীকের এজেন্ট আহত হন।

উত্তর সিটির ৩৬ নং ওয়ার্ডের সব কেন্দ্র দখলের অভিযোগ

ঢাকা উত্তর সিটির ৩৬ নং ওয়ার্ডের (মধুবাগ-নয়াটোলা)সব কেন্দ্র দখলের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এই ওয়ার্ডের টিএন্ডটি স্কুল, শেরে বাংলা স্কুল, নয়াটোলা মডেল মাদরাসাসহ প্রত্যেক কেন্দ্র থেকে বিএনপি ও জাতীয় পার্টির পোলিং এজেন্টদের বের করে দেয়া হয়েছে।

এমন কী বিএনপি ও জাতীয় পার্টি সমর্থিত কাউন্সিলর প্রার্থীকেও কেন্দ্রে ঢুকতে দেয়া হচ্ছে না। বহিরাগত শত শত আওয়ামী নেতাকর্মী কেন্দ্রের সামনে অবস্থান নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সেন্ট্রাল উইমেন্স কলেজ

রাজধানীর টিকাটুলি ঢাকা দক্ষিণ সিটির ৮নং ওয়ার্ডের সেন্ট্রাল উইমেন্স কলেজ কেন্দ্রে বিএনপি প্রার্থীর এজেন্টদের বের করে দেয়া হয়েছে বলে প্রত্যক্ষদর্শী ও বিএনপি নেতাকর্মীরা জানান।

যাত্রাবাড়ি শহিদ জিয়া স্কুল

ঢাকা দক্ষিণ সিটির যাত্রাবাড়ি শহিদ জিয়া স্কুল কেন্দ্রে স্বতন্ত্র কাউন্সিলের প্রার্থী ফজলুল হক (ঘুড়ি)ও তার সমর্থকদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী আবুল কালাম অনু(ঝুড়ি মার্কা) ও তার লোকজন। এতে স্বতন্ত্র কাউন্সিলের প্রার্থী ফজলুল হকসহ তার কয়েকজন সমর্থক আহত হয়েছেন বলে জানা গেছে। একই কেন্দ্রে বিএনিপর এজেন্টদের মারধর করে বের করে দেয়ারও অভিযোগ উঠেছে।

নারিন্দা মহিলা সমিতি সরকারি প্রাথমিক বিদ্যালয়

দক্ষিণ সিটির ৪৯ নং নারিন্দা মহিলা সমিতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা বিএনপি'র পোলিং এজেন্টদের মেরে বের করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সাংবাদিকদের কেন্দ্রে ঢুকতে দিচ্ছেন না প্রিসাইডিং অফিসার

সরকারি জামিলা আইনুল আনন্দ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে শনিবার সকাল সোয়া ৯টা পর্যন্ত কোনো ভোটার পাওয়া যায়নি। এই কেন্দ্রে বিএনপির কোনো এজেন্ট নেই। প্রিসাইডিং অফিসার সাংবাদিকদের ভেতরে ঢুকতে দিচ্ছেন না।

আজ বিকাল ৪টা পর্যন্ত ভোট চলছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে ইসি সবার সহযোগিতা চেয়েছে। একইসঙ্গে ভোটারদের নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়ে তাদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগেরও অনুরোধ করেছে ইসি।

বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে বৃহস্পতিবার মাঠে নেমেছে বিজিবি, র‍্যাব ও পুলিশের মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স।

এএস