ঝালকাঠি সদর উপজেলা ছাত্রলীগের সভাপতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের হওয়া মামলায় জেলা ছাত্রলীগের সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঝালকাঠি শহরের বারচালা এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহে আলম বলেন, ঝালকাঠি সদর উপজেলা ছাত্রলীগের সভাপতিকে রফিকুল ইসলামকে কুপিয়ে আহত করার ঘটনায় হওয়া মামলায় জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুর ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি জানান, গত মঙ্গলবার দুপুরে পূর্বশত্রুতার জের ধরে রফিকুলকে কুপিয়ে আহত করা হয়। এ ঘটনায় শফিকুরসহ সাতজনকে আসামি করে ঝালকাঠি সদর থানায় মামলা করেন আহত রফিকুল।

ছাত্রলীগের একটি সূত্র জানায়, জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুরের ভাড়া দেওয়া দোকানে সম্প্রতি হামলা ও লুটপাট চালানোর অভিযোগে তিনি একটি মামলা করেন।

ওই মামলায় রফিকুল ইসলামকে প্রধান আসামি করা হয়। ওই ঘটনার জের ধরে গত মঙ্গলবার দুপুরে শফিকুরের সমর্থকেরা রফিকুলকে কুপিয়ে গুরুতর আহত করেন। রফিকুল বর্তমানে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর মাথা, পিঠ ও হাতের কবজিতে গুরুতর জখম রয়েছে।

এম আর