রোহিঙ্গাদের সাহায্যের বদলে গুলি তাক করে রেখেছে সরকার- এ কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার উত্তরায় নিজের বাসায় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন তিনি।
সংবাদ সম্মেলনে রোহিঙ্গা ইস্যু নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল বলেন, ‘রোহিঙ্গাদের রক্ষায় সরকার ব্যর্থ হয়েছে। মায়ানমারের সাথে মালদ্বীপ কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে, ইন্দোনেশিয়া-তুরস্কসহ অনেকেই সাহায্যে এগিয়ে আসছে। ফিনিক্স জাহাজ চলে আসছে সাহায্যের জন্য। কিন্তু বাংলাদেশ সরকার তাদের একটু সাহায্য করার পরিবর্তে সীমান্তে গুলি তাক করে রেখেছে তাদের ফেরত পাঠানোর জন্য।’
এ সময় মির্জা ফখরুল আরো বলেন, ‘সরকার সম্পূর্ণ ব্যর্থ। তারাও তো (রোহিঙ্গারা) মানুষ। তাদের জায়গা পর্যন্ত দিচ্ছে না। কী অমানবিক! আন্তর্জাতিক সম্পর্ক বৃদ্ধি করে জাতিসংঘের মাধ্যমে মিয়ানমারের ওপর চাপ দিতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির মহাসচিব।’
সংবাদ সম্মেলনে জঙ্গি বিষয় নিয়েও কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘বাংলাদেশকে কি একটা জঙ্গিরাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র চলছে? জঙ্গি সম্পর্কে স্বচ্ছতা আনুন। স্বচ্ছ হোন। যাকে ধরছেন, তাকে মেরে না ফেলে তদন্ত করেন। কারা অর্থের জোগান দিচ্ছে। জঙ্গি ধরেই তাদের মারার কারণে সন্দেহ তৈরি হচ্ছে।’
এমএ





