ঢাকার বিজয় সরণি মোড়ে অটোরিকশাকে বাসের ধাক্কায় তরুণ এক চিকিৎসাকর্মীর মৃত্যু হয়েছে।
নিহত আক্তার জাহান রুম্পা (২৮) সিলেটে একটি বেসরকারি চক্ষু হাসপাতালে কাজ করতেন। মঙ্গলবার ভোরে চট্টগ্রাম থেকে ঢাকায় এসে তিনি দুর্ঘটনায় পড়েন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, রুম্পাদের গ্রামের বাড়ি কুমিল্লায়। আর স্বামী থাকেন চট্টগ্রামের হালিশহরে।
বাংলাদেশ আই হসপিটালে একটি নিয়োগ পরীক্ষায় অংশ নিতে চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন রুম্পা। ভোরে মহাখালী থেকে একটি অটোরিকশায় করে যাওয়ার সময় বিজয় সরণি মোড়ে গ্রিন লাইনের একটি বাস ধাক্কা দেয়।
পথচারীরা উদ্ধার করে রুম্পাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান বাচ্চু।
রুম্পার দেবর খান মো. আবদুল্লাহ জানান,তার ভাবি সিলেট ওসমানী নগর ভার্ড আই হসপিটাল থেকে একটি কোর্স করে সেখানেই কাজ করছিলেন।





