জাতীয় বধির সংস্থা ও এর অধীনে স্কুলের জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন করেছে জাতীয় বধির সংস্থা। এসময় তারা দেশের বিভিন্ন জায়গায় বধির সংস্থার দখলকৃত জায়গা উদ্ধারেরও দাবি জানান।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জাতীয় বধির সংস্থার নির্বাহী কর্মকর্তা ফরিদুজ্জামান সর্দার বলেন, ঢাকা-৭ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য হাজী সেলিম পেশির জোরে ঢাকা বধির স্কুলের জায়গা দখল করে ভোগ করছেন। অনেক চেষ্টা করেও তার কাছ থেকে জায়গা উদ্ধার করা যায়নি।
তিনি অভিযোগ করে বলেন, পুরান ঢাকায় বধির সংস্থার ভবনের নিচতলা পুরোটাই ভাড়াটিয়া সৈয়দ নুরুল আরেফিন দখল করে রেখেছেন।
তিনি আরও বলেন, রাজশাহীর মুক ও বধির স্কুলের জায়গা সিটি কলেজ, সন্ত্রাসী ও ব্যবসায়ীরা দখল করে রেখেছেন।
এসব জায়গা উদ্ধার করে বধিরদের শিক্ষার পথ সুগম করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন ফরিদুজ্জামান সর্দার।
মানববন্ধনে বধির স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
ঢাকা, ২৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ





