গতবারের মতো এবারের ঈদেও ধর্মীয় উগ্রবাদীদের হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তাই সারা দেশে সম্ভাব্য হামলার স্থানে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল রোববার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ভুলতা ফ্লাইওভারের নির্মাণকাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘গতকালও রাজধানীর আজিমপুরে উগ্রবাদীদের একটি আস্তানায় পুলিশ সফল অভিযান চালিয়েছে। এবারের ঈদেও এমন ঘটনা ঘটবে না, এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। কারণ গত রোজার ঈদের দিন শোলাকিয়া ও তার আগে গুলশানে হামলা হয়েছে।’
মন্ত্রী বলেন, ‘হামলা হতে পারে, এমন সম্ভাব্য সব জায়গায় আমাদের পুলিশ সতর্ক রয়েছে। যথাযথ দায়িত্ব পালনের মাধ্যমে নিরাপত্তা জোরদার করেছে।’

ঈদের আগে দেশের আর কোনো স্থানে যানজট হওয়ার আশঙ্কা নেই বলে দাবি করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ঈদে ঘরমুখী মানুষ নিরাপদে বাড়ি ফিরতে পারবে। এ সময় মন্ত্রীর সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএ