দিনাজপুরে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও এক মোটরসাইকেল আরোহী।
শনিবার দুপুর ২টার দিকে সদর উপজেলার দিনাজপুর-ফুলবাড়ী সড়কের কাউগাঁ মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চিরিরবন্দর উপজেলার ভিড়াইল ইউনিয়নের কালিগঞ্জ গ্রামের মৃত অবাইদুর রহমানের ছেলে মো. মাজেদুর রহমান (৪৫) ও একই গ্রামের মো. আফসার আলীর ছেলে মো. সাজ্জাদ হোসেন (২৫)। আহত মো. মুনছের আলী (৫২) মাজেদুর রহমানের বড় ভাই।
দিনাজপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) বিশ্বনাথ দাস গুপ্ত জানান, দুপুর ২টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগী দেখে মোটরসাইকেলযোগে তিনজন বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে সদর উপজেলার কাউগাঁ মোড়ে পেছন থেকে অপর একটি মোটরসাইকেল তাদের ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে মাজেদুর রহমান, সাজ্জাদ হোসেন ও মুনছের আলী সড়কে ছিটকে পড়েন। এ সময় বিপরীতগামী একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মাজেদুর রহমান নিহত হন।
পথচারীরা সাজ্জাদ হোসেন ও মুনছের আলীকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাজ্জাদকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খালেকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জেআইি





