কক্সবাজারের টেকনাফে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে রোহিঙ্গাসহ দুইজন নিহত হয়েছে।
শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সাবরাং কাটাবুনিয়া নৌকাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা মানব ও মাদক পাচারের সাথে জড়িত বলে পুলিশের দাবি।
নিহত দুজন হলেন, মোহাম্মদ রুবেল (২৩) ও উমর ফারুক (১৯)। রুবেল টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়ার বাসিন্দা মৃত রশিদ আহমদের ছেলে। উমর ফারুক উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থীশিবিরের বি-বশ্চকের বাসিন্দা হাবিব উল্লাহর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস জানান, নিহত দুজনই মানব পাচারকারী মামলার পলাতক আসামি। ঘটনাস্থল থেকে ২টি দেশীয় অস্ত্র (এলজি), শর্টগানের ১১টি তাজা গুলি ও ১৮টি খালি খোসা উদ্ধার করা হয়েছে। এ সময় পুলিশের উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম, কনস্টেবল মো. মহিউদ্দিন ও মো. শামীম রেজা আহত হয়েছেন।
জেড





