দেশব্যাপী ২০ দলীয় জোটের হরতাল-অবরোধ চলাকালে পেট্রলবোমায় দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম বাপ্পী (২৫)। তিনি আলিফ পরিবহনের একটি বাসের হেলপার ছিলেন।

দীর্ঘ ১০ দিন ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে রোববার বেলা পৌনে ১২টায় তিনি মৃত্যু বরণ করেন।

এর আগে গত ১২ ফেব্রুয়ারি রাতে রাজধানীর রামপুরায় দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় গুরুতর দগ্ধ হন তিনি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

নিহত বাপ্পীর গ্রামের বাড়ি নেত্রকোণার মোহনগঞ্জ থানার শ্রীরামপুরে। মিরপুরের দিয়াবাড়ি বস্তিতে তিনি থাকতেন। তার স্ত্রী ও দুই মেয়ে রয়েছে।

 

বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল জানান, ১২ ফেব্রুয়ারি রাতে গুরুতর দগ্ধ অবস্থায় বাপ্পীকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তার শরীরের ৭০ ভাগ দগ্ধ হয়েছিল। তিনি আইসিইউতি চিকিৎসাধীন ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক বাস হেল্পার বাপ্পীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এআর