জনসংহতি সমিতির (জেএসএস) সভাপতি সন্তু লারমার আগমন ‘ঠেকাতে’ ডাকে বান্দরবানে ৭২ ঘণ্টার হরতাল কর্মসূচি পালিত হচ্ছে। জাগো পার্বত্যবাসী নামে একটি সংগঠন এ হরতাল আহবান করে।

হরতালের প্রথম দিন বুধবার ভোর থেকেই বান্দরবানে জেলা সদরের ট্রাফিক মোড়, বাসস্ট্যান্ড, রোয়াংছড়ি বাসস্ট্যান্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে টায়ার জ্বালিয়ে এবং সড়কে গাছের গুঁড়ি ফেলে অবস্থান নিয়েছেন সংগঠনের নেতাকর্মীরা। এ সময় হরতালের সমর্থনে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল এবং সমাবেশ করেছেন তারা।

হরতালের কারণে বান্দরবানের অভ্যন্তরীণ সব রুটে এবং নৌপথে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শহর ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো যানবাহনও। শহরে দোকানপাট এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোও বন্ধ রয়েছে।

জেলা পুলিশ সুপার (এসপি) দেবদাস ভট্টাচার্য জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বান্দরবানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

তিন দিনের সফরে বুধবার ১১ মার্চ জেএসএস সভাপতি ও পার্বত্য আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু লারমা) বান্দরবান আসার কথা রয়েছে।

এদিকে সন্তু লারমার আগমন ‘ঠেকাতে’ ১১ মার্চ থেকে বান্দরবানে টানা ৭২ ঘণ্টা হরতালের ডাক দেয় ‘জাগো পার্বত্যবাসী’।

জেএ