রাজধানী শাহবাগের জাতীয় জাদুঘরের ৪র্থ তলার আগুন নিয়ন্ত্রনে এসেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রোববার সকাল ৯টার দিকে জাদুঘরের ৪র্থ তলার গ্যালারিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ৫টি ইউনিট আগুন নেভাতে কাজ করে।
সকাল ৯টা ৩৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে। তাৎক্ষনিক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
৪৪ নম্বর গ্যালারিতে বিশ্বসভ্যতার অংশ হিসেবে চীন, কোরিয়া, ইরান ও সুইজারল্যান্ডের নিদর্শন রয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রফিকুল ইসলাম বলেন, তেমন ক্ষয়ক্ষতি হয়নি। গ্যালারির সিলিং অনেকটা পুড়ে গেছে। সব নিদর্শন অক্ষত রয়েছে।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূচনা হয় বলে মনে করছেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
[b]ঢাকা, ৩০ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]