ঢাকা থেকে সিলেট হয়ে ভারতের শিলং-গুয়াহাটি রুটে আগামী ২ মে থেকে পরীক্ষামুলকভাবে বাস সার্ভিস চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রোববার দুপুরে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।  বৈঠকে মন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমানসহ অন্যান্য মন্ত্রণালয়ের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এর আগে গত ৩ নভেম্বর বিআরটিসি ভবনে ঊর্ধতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান, ২০১৫ সালের শুরুতে ঢাকা-সিলেট-শিলং-গুয়াহাটি রুটে বিআরটিসি  বাস সার্ভিস চালু করা হবে।

রোববারের বৈঠক সূত্রে জানা গেছে, ‘আগামী ২ মে থেকে ঢাকা-সিলেট-শিলং-গুয়াহাটি রুটে বাস সার্ভিস চালুর সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারকে জানানো হবে।’ 

এ রুটের বাসগুলোতে আসন হবে ২৬-৩০ টি। বাসগুলোতে ওয়াইফাই ও ট্র্যাকিং সিস্টেম থাকবে। পরবর্তী সময়ে যাত্রীর চাহিদা অনুয়ায়ী বাসের আসন বাড়ানো হবে। চাহিদা অনুয়ায়ী বাড়ানো হবে ইমিগ্রেশন ও কাস্টম সুবিধাও।

জেআই