ময়মনসিংহের ত্রিশালে জাতীয় পর্যায়ে নজরুল জয়ন্তী বন্ধের প্রতিবাদে ও অবিলম্বে তা ত্রিশালেই ফিরিয়ে দেওয়ার দাবীতে মানববন্ধনের আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ত্রিশাল উপজেলা শাখা।

বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলার দরিরামপুর বাসস্ট্যান্ডে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন স্কুল, কলেজ, নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীসহ ত্রিশালের সর্বস্তরের মানুষ মানববন্ধনে অংশ নেয়।

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন নজরুল কলেজের অধ্যক্ষ মো: মজিবুর রহমান, ত্রিশাল বার্তার সম্পাদক শামিম আজাদ, নজরুল একাডেমীর প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ত্রিশাল উপজেলা শাখার সাধারণ সম্পাদক এম ফজলে রশিদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন জাতীয় পর্যায়ে নজরুল জয়ন্তী ফিরিয়ে দেওয়া না হলে ত্রিশালের সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। দাবি আদায় না হলে একই দাবিতে আগামী রোববার পুনরায় মানববন্ধন ও ময়মনসিংহ-ঢাকা মহাসড়ক অবরোধের ঘোষণা দেন বক্তারা।

উল্লেখ্য, ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বাল্য স্কুল নজরুল একাডেমি স্কুল যা তৎকালীন দরিরামপুর হাই স্কুল। নজরুলের স্মৃতিকে আকড়ে ধরে যুগ যুগ ধরে ত্রিশালবাসী জাতীয় পর্যায়ে ঐতিহ্যবাসী নজরুল জয়ন্তী পালন করে আসছে। প্রতিবছর এ সময় যেন পুরো ময়মনসিংহ জুড়ে থাকে সাজ সাজ রব। কিন্তু এবার জাতীয় পর্যায়ে নজরুল জয়ন্তী ময়মনসিংহের ত্রিশাল থেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

কেএইচ