ঢাকাস্থ খুলনা জেলার ছাত্রদেও সংগঠন ”খুলনা ছাত্র ফোরামের” উদ্যোগে গত বৃহস্পতিবার (৯ জুন, ২০১৬) ইফতার মাহফিল ও নতুন কমিটি ঘোষিত হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন, একরামউদ্দিন সুমন ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন লাবিব হাসান।

এছাড়া সহ-সভাপতি, সহ-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, প্রচার, দফতর সহ মোট ২১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটি আগামী এক বছর সংগঠন পরিচালনা করবে।

প্রতি বছরের ন্যায় এবারও রমযান মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত এ ইফতার অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সাবেক ও বর্তমান সময়ের খুলনার শিক্ষার্থীরা উপস্থিত হয়। ইফতার ধর্মীয় অনুষ্ঠান হলেও দীর্ঘদিন পর ঢাকায় অবস্থানরত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত খুলনার শিক্ষার্থীরা একত্রে মিলিত হতে পেরে তা এক বর্ণিল মিলনমেলার রূপ ধারন করে। ই

ফতার অনুষ্ঠানের পূর্বে পরিবেশিত হয় ধর্মীয় ও দেশত্ববোধক গান এবং আলোচনা পর্ব। আলোচনায় খুলনার বিভিন্ন সমস্যা ও কিভাবে তা সমাধান করা যাবে তার ওপর ছিল বিভিন্ন জনের মতামত।

এছাড়া খুলনা থেকে ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে কিভাবে বেশি সংখ্যক শিক্ষার্থীকে ভর্তি করানোর যায় এবং এ জন্য কোন ধরণের কার্যক্রম পরিচালনা করা যায় তার ওপর জোর দেন আলোচকবৃন্দ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে ঘোষণা করা হয় আগামী ২০১৬-১৭ সালের পরিচালনা পর্ষদ (কমিটি)।

নির্বাচিত কমিটির সদস্যরা প্রতিশ্রুতি দেন যে, আগামী এক বছর তারা তাদের সর্বোচ্চ মেধা ও শ্রমের মাধ্যমে এ সংগঠনকে খুলনার মানুষের ঢাকার প্রতিনিধিত্বকারী সংগঠন হিসেবে গড়ে তুলবেন। একই সাথে এ সংগঠন জাতীয় পর্যায়েও খুলনার চাওয়া-পাওয়া নিয়ে রাজনৈতিক মহলে তাদের আশা আকাঙ্ক্ষাকে তুলে ধরবে।

নতুন কমিটির সদস্যদের পক্ষে নব নির্বাচিত কমিটির সভাপতি একরামউদ্দিন সুমন আগমী দিনগুলোতে পথ চলতে সকলের সহায়তা চেয়ে বলেন, সকলের সহায়তা পেলে এ কমিটির পক্ষে খুলনার জন্য অনেক কিছু করা সম্ভব।

এমআইএস