জামালপুরে ভারত থেকে আসা বন্যহাতির আক্রমণে আব্দুল মান্নান (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছে।

বুধবার রাত ২টার দিকে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের সাতানি পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আব্দুল মান্নান উপজেলার কামালপুর ইউনিয়নের উত্তর পলাশতলা গ্রামের মৃত নাদের মিয়ার ছেলে।

স্থানীয় এলাকাবাসী জানান, গত মঙ্গলবার দিবাগত রাতে ভারত থেকে ৪০-৫০টি বুনো হাতি সীমান্তের কাঁটাতার পার হয়ে বাংলাদেশে প্রবেশ করে প্রায় ১০ একর জমির পাকা ধান নষ্ট করে ফেলে। বুধবার রাতেও বুনো হাতির দলটি আবার সাতানি পাড়া, বালুরচর ও যদুর চর এলাকায় ধান নষ্ট করতে আসে।

ফসল রক্ষা করার জন্য এলাকাবাসী হাতি তাড়াতে বিভিন্ন কৌশল অবলম্বন করেন। তারা জেনারেটরের মাধ্যমে বৈদ্যুতিক লাইন তৈরি করে এবং মশাল জ্বালিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করেন। এরপরও একটি হাতি কৃষক আবদুল মান্নানকে ধরে ফেলে এবং পা দিয়ে পিষ্ট করে। এতে করে ঘটনাস্থলেই আবদুল মান্নানের মৃত্যু হয়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম কৃষক আব্দুল মান্নানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এমবি