চট্টগ্রাম নগরীর একটি বাড়িতে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে ভবনের দেয়াল ধসে ৭ জন নিহত হয়েছে। এতে আরও ১৩ জন দগ্ধ হয়েছেন বলে জানা গেছে।

আজ (১৭ নভেম্বর) রোববার সকাল ৯টায় নগরীর পাথরঘাটা এলাকার ব্রিকফিল্ড রোডে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

গ্যাসের পাইপলাইন থেকে এই বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কোতোয়ালি থানার ওসি মো. মহসিন জানান, পাথরঘাটা ব্রিকফিল্ড রোডের কুঞ্জমনি ভবনে গ্যাসের পাইপলাইন বিস্ফোরণে ভবনের একাংশ ভেঙে গেছে।

এতে ৭জন মারা গেছেন এবং দগ্ধ হয়েছেন অন্তত ১৩ জন। দগ্ধদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, গুরুতর আহত অবস্থায় সাতজনকে হাসপাতালে আনা হয়। পরে তাদের মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আহতরা হাসপাতালে ভর্তি আছেন। দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস ও পুলিশ। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এমবি