চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় অভাবের তারনায় দুই সন্তানকে বিষ খাইয়ে হত্যার পর তাদের মা আত্মহত্যা করেছেন।

গতকাল সোমবার গভীর রাতে উপজেলার সড়ফবাটা ইউনিয়নের সিকদারবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন সিকদারবাড়ি এলাকার নুর নবীর স্ত্রী ডেইজি আক্তার (২৮), তাঁর কন্যা ইলাত নুর (৬) ও ইসরাত নুর (৪)।

স্বজনদের বরাত দিয়ে রাঙ্গুনিয়া থানার ওসি ইমতিয়াজ ভূঁইয়া জানান, পারিবারিক কলহের জেরে সোমবার রাত ২টার দিকে ডেইজি দুই মেয়েকে বিষ খাওয়ানোর পর নিজেও বিষপান করেন।

স্বজনরা বিষয়টি টের পেয়ে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

ডেইজি দুই মেয়েকে নিয়ে আত্মহত্যা করেছেন নাকি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড সেটি পুলিশ খতিয়ে দেখছে বলে জানান ওসি ইমতিয়াজ।

এমআর