মুখের ভেতর পিস্তল ঢুকিয়ে এক যুবদল নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। লক্ষীপুর জেলার সদর উপজেলার ভাঙ্গাখাঁ ইউনিয়নের নেয়ামতপুর গ্রামে এ হত্যাকান্ড ঘটে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে নেয়ামতপুর গ্রামের একটি খাল থেকে মাইন উদ্দিন চৌধুরী বাবলু (৩২) নামে ওই যুবদল নেতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। তিনি ওই ইউনিয়নের রাজাপুর গ্রামের নতন জমাদার বাড়ির হাবিবুল্লাহ আজগরের ছেলে।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আফসার উদ্দিন রুবেল বলেন, ‘হত্যাকারীরা বাবলুর মুখে ও শরীরের বিভিন্ন অংশে ৫-৬টি গুলি করেছে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

ভাঙ্গাখাঁ ইউনিয়ন যুবদল সভাপতি আবু সৈয়দ পিন্টু জানান, বাবলু ইউনিয়ন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

বাবলুর ছোট ভাই আলাউদ্দিন জানান, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে তাদের পাশের গ্রামের আহাদ নামে এক ব্যক্তি মোবাইল ফোনে তার ভাইকে ডেকে নেন। রাতে আর বাড়িতে ফেরেননি তার ভাই। অনেক খোঁজাখুজির পর বৃহস্পতিবার সকালে নেয়ামতপুর গ্রামের আহাদের বাড়ির পাশের একটি খালে তার ভাইয়ের লাশ পাওয়া যায়।

তার ভাইয়ের হত্যাকাণ্ডের সঙ্গে আহাদ জড়িত দাবি করে তিনি বলেন, ‘মাদক ব্যবসা ও রাজনৈতিক প্রতিহিংসার জেরে আহাদ ও তার সহযোগী কাশেম ও ইউসুফ মিলে তার ভাইকে হত্যা করেছে।’

এ ঘটনায় জড়িতদের আসামি করে মামলা করা হবে বলে জানান তিনি।

এ ব্যাপারে (এসআই) মো. আফসার উদ্দিন রুবেল বলেন, ‘অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

জেএ