ভোলার ঘটনায়‘সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায়’ ভূমিকা রাখায় হেফাজতে ইসলামের আমির আহমদ শফীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা।

সোমবার বিকালে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্তর নেতৃত্বে সংগঠনের চার সদস্যের একটি প্রতিনিধি দল হাটহাজারী মাদ্রাসায় গিয়ে হেফাজত আমীরের সঙ্গে দেখা করেন।

রানা দাশগুপ্ত বলেন, “ভোলার ঘটনার পর হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা বের হয়ে গিয়েছিল। এসময় হুজুরের ছেলে আনাস মাদানি বের হয়ে বিষয়টি ট্যাকল করেছেন, তা নাহলে তুলকালাম কাণ্ড হতো।

“শান্তি-সম্প্রীতি রক্ষায় তাকে (হেফাজত আমির) কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাতে আমরা সেখানে গিয়েছি। ভবিষ্যতেও সম্প্রীতি রক্ষায় হেফাজত আমীরের কাছে দোয়া চেয়েছি।”

প্রতিনিধি দলে ঐক্য পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা ইন্দুনন্দন দত্ত, চট্টগ্রাম জেলা কমিটির সহ-সভাপতি ডা. গোবিন্দ প্রসাদ মহাজন ও হাটহাজারী উপজেলা কমিটির সভাপতি ডা. অশোক দেব ছিলেন।

এক হিন্দু তরুণের ফেইসবুক আইডি থেকে ‘ধর্মীয় অবমাননাকর’ বক্তব্য ছড়ানোর পর গত ২০ অক্টোবর ভোলার বোরহানউদ্দিনের ঈদগাঁ মাঠে সমাবেশ ডেকেছিল ‘মুসলিম তৌহিদী জনতা। ওই সমাবেশ থেকে পুলিশের উপর হামলার পর চলে গুলি, নিহত হন চারজন।

ওই দিন বিকালে চট্টগ্রাম-খাগড়াছড়ি-রাঙামাটি সড়কে অবস্থান নেয় হাটহাজারী মাদ্রাসার শিক্ষার্থীরা। তাদের সাথে বাইরে থেকে আসা কিছু লোকজনও যোগ দেয়।

এসময় সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যানবাহনে আটকে পড়া যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে। সড়ক অবরোধ চলাকালে রাস্তার উপর নামাজ পড়েন হাটহাজারী মাদ্রাসার শিক্ষার্থীরা।

পরে হেফাজতের নেতৃবৃন্দ, পুলিশ ও স্থানীয় প্রশাসনের পদক্ষেপে তারা সড়ক অবরোধ তুলে নেয়।

এএইচ