এইচআইভি ভাইরাসে আক্রান্তের সংখ্যা দেশের মধ্যে সবচেয়ে বেশি সিলেট বিভাগে। এর অন্যতম কারণ অভিবাসী।

দেশের অন্য অঞ্চলের তুলনায় এ অঞ্চলের অভিবাসীর সংখ্যা বেশি হওয়ায় দিন দিন এর সংখ্যা বেড়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা দ্রুত গণসচেতনা সৃষ্টির দাবি জানিয়েছেন।

আজ (রোববার) দুপুরে সিলেটের কানাইঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে ইউনিসেফের সহযোগিতায় অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম-ওকাপ আয়োজিত আলোচনা সভায় বিশেষজ্ঞ চিকিৎসক ও গবেষকরা এসব তথ্য তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক।

কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আশিক উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন ইউনিসেফ বাংলাদেশ-এর এইচআইভি স্পেশালিস্ট ডা. জিয়া উদ্দিন, ইউনিসেফ সিলেটের প্রধান ফিল্ড অফিসার কাজী দিল আফরোজা ইসলাম ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি অ্যান্ড অবস বিভাগের প্রধান অধ্যাপক ড. দিলীপ কুমার ভৌমিক।

বক্তারা বলেন, সিলেট বিভাগে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় ৪০০ জন এইচআইভি ভাইরাসে আক্রান্তরা চিকিৎসা নিচ্ছেন। চিহ্নিত করা যায়নি এমন আরো তিন শতাধিক রয়েছেন। আবার সিলেট বিভাগের মধ্যে কানাইঘাট উপজেলায় এইচআইভি ভাইরাসে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। প্রায় ১০৭ জনকে এরই মধ্যে তাঁরা চিকিৎসা দিচ্ছেন।