মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের আলমখালী এলাকা থেকে শুক্রবার সকালে অজ্ঞাতনামা এক যুবকের (৩৫) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়রা জানান- সকাল সাড়ে ৭টার দিকে আলমখালি ব্রিজের কাছে পশ্চিম রামনগর এলাকায় রাস্তার পাশে একটি লিচু বাগানে হাত পা বাঁধা গুলিবিদ্ধ রক্তাক্ত লাশটি দেখতে পায় এলাকাবাসী। এ সময় তারা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন রায় জানান- লাশের পরিচয় এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে রাতে পাশের এলাকা থেকে ওই যুবককে ধরে নিয়ে এসে ঝিনাইদহ সীমান্তের আলমখালি এলাকায় হাইওয়ের পাশে নির্জন স্থানে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

এ ব্যাপারে মাগুরা সদর থানায় মামলার প্রক্রিয়া চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

কেএইচ