সাতক্ষীরার দেবহাটা উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আলমগীর হোসেন নামে এক মোটরসাইকেল ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছেন।
শনিবার দিনগত রাত সোয়া ৩টার দিকে দেবহাটা উপজেলার পূর্ব কুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আলমগীর হোসেন জেলার কালীগঞ্জ উপজেলার উজিরপুরের আব্দুল মজিদ সরদারের ছেলে।
সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মোটরসাইকেল ছিনতাইয়ের গোপন সংবাদের ভিত্তিতে রাতে এসআই জাকারিয়ার নেতৃত্বে দেবহাটা থানা পুলিশের টহল দল পূর্ব কুলিয়া খালপাড়ে অবস্থান নেয়।
এসময় পুলিশ একটি মোটরসাইকেল থামানোর সংকেত দিলে মোটরসাইকেলে থাকা ছিনতাইকারীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোড়েন এবং কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটায়।
পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। ১০/১২ মিনিট গুলি বিনিময়ের একপর্যায়ে ছিনতাইকারী দলের অন্যরা পালিয়ে গেলেও আলমগীর গুলিবিদ্ধ অবস্থায় আটক হন। এতে পুলিশের দুই সদস্যও আহত হন।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি রামদা, দু’টি লোহার রড়, বিস্ফোরিত বোমার অংশবিশেষ ও একটি ছিনতাই করা প্লাটিনাম ১০০ সিসি মোটরসাইকেল উদ্ধার করে।
পরে আলমগীর হোসেনকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এএইচ





