কক্সবাজারের চকরিয়ায় লেগুনা ও কাভার্ডভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৭ জনে দাঁড়িয়েছে।
বুধবার (২২ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার উত্তর হারবাং এলাকার বুড়ির দোকান পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় আহত আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন।
বানিয়ারছড়ার চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো: আনিসুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- চকরিয়ার হারবাং ইউনিয়নের নতুন বাজার এলাকার আবদুল কাদেরের ছেলে বদিউল আলম (৫০), বান্দরবানের লামা উপজেলার সন্দ্বীপপাড়ার আবদুল আজাদের ছেলে আল আমিন (৪৮), লেগুনাচালক চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকার মিনার উদ্দিন (২৩), চকরিয়ার কোনাখালী ইউনিয়নের আলী মিয়ার ছেলে ফিরোজ আহমদ (৩২) ও রায়হান (২৪)।
পরিদর্শক মো: আনিসুর রহমান বলেন, “দুর্ঘটনার সময় মুষলধারে বৃষ্টি হচ্ছিল। এ সময় গাড়ি দুটি ছিটকে পাশের খাদে পড়ে যায়। ক্রেন দিয়ে গাড়ি দুটি উদ্ধারের ব্যবস্থা নেওয়া হয়। সেখান থেকে আটকেপড়া লেগুনার যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।”
হাইওয়ে পুলিশের সঙ্গে থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরাও উদ্ধারকাজে যোগ দেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক প্রত্যয় জানান, হাসপাতালে ছয়জনকে মৃত ঘোষণা করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথে আরেকজন মারা যান।
এমবি





