আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোয়াজ্জেম হোসেন (৫৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যাকাণ্ডে ১৮ জনের নামে মামলা দায়ের করেছে নিহতের ছেলে ফারুক হোসেন। এখন পর্যন্ত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে এ মামলা বগুড়া সদর থানায় করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগ নেতা কামরুল হুদা উজ্জ্বল এবং সদর উপজেলার উলিপুর গ্রামের আফতাব প্রামাণিকের ছেলে পলাশ (২৫)।

বগুড়া সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) এএইচএম ফয়জুর রহমান বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগ নেতা মোয়াজ্জেম হোসেন (৫৫) হত্যাকাণ্ডে মামলা করা হয়েছে। এ মামলার প্রধান আসামিসহ দুইজনকে রাতেই গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের শুক্রবার বিকালে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।’

প্রসঙ্গত, বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের চালিতাবাড়ি আনন্দবাজার এলাকায় বালু ব্যবসা এবং নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাত ৮টার দিকে প্রতিপক্ষরা স্থানীয় আওয়ামী লীগ নেতা মোয়াজ্জেম হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় ও বুকে আঘাত করলে গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিসৎক তাকে মৃত ঘোষণা করেন।

কেএইচ