দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের স্কোর ১ পয়েন্ট অবনমন হয়েছে। আর তালিকায় দেশ হিসেবে ১৪৯ নম্বর অবস্থানে আছে।

২০২২ সালে ২৫ স্কোর নিয়ে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১২তম। আর তালিকায় দেশ হিসেবে ছিল ১৪৭ তম অবস্থানে।

এবার সমান স্কোর নিয়ে বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে আছে আফ্রিকান রিপাবলিক, ইরান, লেবানন ও জিম্বাবুয়ে।

বার্লিনভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) পরিচালিত সিপিআই প্রতিবেদন মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে সারা বিশ্বে প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশে সংবাদ সম্মেলনে দুর্নীতির ধারণা সূচকের বিভিন্ন দিক তুলে ধরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বেলা ১২টায় ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবির সংবাদ সম্মেলনে বিষয়টি উপস্থাপনের সময় বলা হয়, বিশ্বের ১৮০টি দেশের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় এবার বাংলাদেশের অবস্থান ১০ম স্থানে।

সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সিপিআই (দুর্নীতির ধারণা সূচক) অনুযায়ী বাংলাদেশের অবস্থান হতাশাজনক। সিপিআই ২০২৩ অনুযায়ী এ বছর বাংলাদেশের স্কোর ২০২২ এর তুলনায় এক পয়েন্ট কমে ২৪। নিম্নক্রম অনুযায়ী অবস্থানের দুই ধাপ। অবনতি হয়ে ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০ম এবং ঊর্ধ্বক্রম অনুযায়ী ১৪৯তম।

তিনি বলেন, সূচকের বিশ্লেষণ করলে ২০২৩ সালে বাংলাদেশের স্কোর ও অবস্থান গত এক যুগের মধ্যে সর্বনিম্ন। স্কোর ও অবস্থানের এই অবনমন প্রমাণ করে যে, দুর্নীতির বিরুদ্ধে সরকারের বিভিন্ন অঙ্গীকার ও দুর্নীতির বিরুদ্ধে "শূন্য সহনশীলতার" ঘোষণা বাস্তবিক অর্থে কার্যকর প্রয়োগ হয়নি। বরং আইনের যথাযথ প্রয়োগ ও কাঠামোগত দুর্বলতায় বাংলাদেশের অবস্থানের আরো অবনতি হয়েছে। পাশাপাশি দক্ষিণ এশিয়ার ৮টি দেশের মধ্যে এবারও বাংলাদেশের অবস্থান ও স্কোর যথারীতি বিব্রতকরভাবে আফগানিস্তানের পর।

এনএইচ