মাদকের সঙ্গে সংশিষ্ট কেউ রেহাই পাবেনা বলে ঘোষণা করেছেন খুলনা বিভাগিয় ডিআইজি এসএম মনিরুজ্জামান। মঙ্গলবার যশোরের শর্শা উপজেলায় ‘মাদক ও জঙ্গিমুক্ত যশোর শিরোনামে আয়োজিত সমাবেশে তিনি বলেন, মাদকের সঙ্গে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের নেতা, জনপ্রতিনিধি, পুলিশ কেউই রেহাই পাবে না। আগামী এক’শ দিনের মধ্যে যশোর জেলাকে মাদক ও জঙ্গিবাদ মুক্ত করা হবে বলেও ঘোষণা করেন তিনি।

বিকেল সাড়ে ৪ টায় নাভারন বুরুজবাগান হাইস্কুল মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।

যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যশোর জেলার পুলিশ সুপার আনিসুর রহমান, শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, বেনাপোল পৌর সভার মেয়র আশরাফুল আলম লিটন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম, প্রিন্সিপাল ইব্রাহিম খলিল।

পুলিশ সুপার বলেন, ইতিমধ্যে জেলার সব মাদকসেবী, মাদক বিক্রেতা ও মাদক কারবারির সহায়তাকারী এবং আড়ালে থেকে যাঁরা মাদক ব্যবসার পৃষ্ঠপোষকতা করেন, তাঁদের তালিকা পুলিশের কাছে এসেছে। যাচাই-বাছাই শেষে তা জেলার সব থানা ও প্রেসকাবে টাঙিয়ে দেওয়া হবে। মাদকের সঙ্গে রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, পুলিশ, যে-ই সংশ্লিষ্ট হোক না কেন, কেউ রেহাই পাবে না।’

সমাবেশ শেষে গণমিছিলে পুলিশ ও কমিউনিটি পুলিশের সদস্যদের পাশাপাশি রাজনীতিক, সমাজকর্মী, পেশাজীবীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

উল্লেখ্য, যশোরকে মাদক ও জঙ্গিমুক্ত করার জেলা পুলিশের ১০ ফেব্রুযারি থেকে ১০০ দিনের কর্মসূচি চলছে।

নাসির/জারিফ