জামায়াতে ইসলামীর নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে প্রধানমন্ত্রী দেখিয়ে কল্পিত এক মন্ত্রিসভার তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম আব্দুর রহিম (২৬)।
মঙ্গলবার (১৬ জুন) পঞ্চগড়ের দেবীগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় তাকে গ্রেফতার করা হয়। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতার আব্দুর রহিমের বাড়ি দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের সর্দারপাড়া এলাকায়। সে ওই এলাকার নায়েব আলীর ছেলে।
দেবীগঞ্জ থানার উপ-পরিদর্শক ও ওই মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, আব্দুর রহিম তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি কল্পিত মন্ত্রিসভার তালিকা ছবিসহ প্রকাশ করে। এতে প্রধানমন্ত্রী হিসেবে জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী, ধর্মমন্ত্রী মাওলানা মিজানুর রহমান আজহারীকে। আর অর্থমন্ত্রী হিসেবে বাংলাদেশের জাতীয় পার্টির (বিজেপি) নেতা আন্দালিব রহমান পার্থসহ আরও কয়েকজন জামায়াত ও বিএনপি নেতাদের নাম বসায়। ওই পোস্টে সে মন্তব্য করে “এই ব্যক্তিরা যদি সরকার পরিচালনা করতো তাহলে কতোই না ভাল হতো”। এটি পোস্ট দেখার পরপরই স্থানীয়দের মাঝে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়। এক পর্যায়ে তারা বিষয়টি পুলিশকে জানালে সোমবার (১৫ জুন) গভীর রাতে দেবীগঞ্জ থানা পুলিশ তাকে আটক করে। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনও জব্দ করা হয়।
এসআই আব্দুর রাজ্জাক আরও জানান, তাকে আটকের পরে দেবীগঞ্জ থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। দেবীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক গোলজার হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হাসান সরকার জানান, ওই যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এমবি





