গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পুরাতন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর ফারুক রুবেল তার ওপর পুলিশি নির্যাতনের অভিযোগ করেছেন।

মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। নির্যাতনের জন্য দায়ী পুলিশ কর্মকর্তাদের অপসারণও দাবি করেন তিনি।

ওমর ফারুক রুবেল ও পুরতান বাজার কমিটির সহ সভাপতি আতাউর রহমান মানিক লিখিত বক্তব্যে জানান, গত ১৩ নভেম্বর রাতে চাদাবাজির একটি মিথ্যা মামলায় গ্রেফতার করে ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা রুবেলকে মারতে মারতে থানায় নিয়ে যাওয়া হয়। সেখানেও তাকে চোখ বেধে অমানুষিক নির্যাতন করা হয়।

সংবাদ সম্মেলনে রুবেল অশ্রুসিক্ত চোখে তার উপর পুলিশি নির্যাতনের বর্ণনা দিয়ে বলেন, সদর উপজেলা ভূমি অফিসের কানুনগো তার কাছে একটি খারিজের ব্যপারে ঘুষ দাবি করেন। এ নিয়ে কানুনগো ও রুবেলের মধ্যে বাকবিতন্ডা হয়।

পরে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় বিষয়টি মিটে গেলেও প্রভাবশালী মহলের ইন্ধনে কানুনগো খায়রুল আনাম উল্টো রুবেলের বিরুদ্ধে চাদাবাজির অভিযোগে সদর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার সুত্র ধরে রাতেই পুলিশ তাকে গ্রেফতার করে।

সংবাদ সম্মেলনে কানুনগো খায়রুল আনাম, সদর থানার ও.সি আহমেদ রাজিউর রহমানসহ চার পুলিশ কর্মকর্তার অপসারণ দাবীতে তিন দিনের কর্মসূচী ঘোষণা করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে আগামীকাল বুধবার প্রতিবাদ সভা, বৃহস্পতিবার শহরের ডিবি রোডে মানববন্ধন, বিক্ষোভ মিছিলসহ বাজার বন্ধ রাখা।

এ ব্যাপারে থানা সুত্র নির্যাতনের অভিযোগ অস্বীকার করে জানায়, সুনির্দিষ্ট মামলার ভিত্তিতেই রুবেলকে গ্রেফতার করা হয়েছে।

জেআই