যশোরের শার্শা উপজেলার ত্রিমহনী শ্যামলাগাছি এলাকায় সোহাগ পরিবহনের বাসের সঙ্গে একটি লোকাল বাসের সংঘর্ষে অন্তত ১৩ যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে যশোর-বেনাপোল সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে এ সড়কে যানজট সৃষ্টি হয়েছে।

আহতদের মধ্যে সাতজনের নাম জানা গেছে। এরা হলেন-সোহাগ পরিবহনের যাত্রী মফিজুর (৫২), কবীর (৪০), সাগর (২৫), বাপ্পী (৩৫) এবং লোকাল বাসের যাত্রী কলেজ ছাত্রী নিলুফা (১৭), সম্পা (১৭) ও সোনিয়া।

আহতদের মধ্যে লোকাল বাসের চালকসহ সাতজনকে গুরুতর অবস্থায় শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

সকাল পৌনে ১০টার দিকে নাভরণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান জানান, দুর্ঘটনা কবলিত বাস রাস্তায় পড়ে থাকায় যানবাহন চলাচল করতে পারছে না। ফলে যানজট সৃষ্টি হয়েছে। তারা যানজট নিরসনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এসটি