প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বিএনপি ও এর জোটের সঙ্গে কোনো ধরনের সংলাপের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।
শুক্রবার বিকালে নিজের বাসভবন গণভবনে জাতিসংঘ সাধারণ অধিবেশনে অংশগ্রহণ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ আওয়ামী লীগ সরকারের এ অবস্থান ব্যাখ্যা করেন।
প্রধানমন্ত্রী বলেন, আমরা যখন আগ্রহ দেখালাম তখন কোনো খবর ছিল না। এখন কার সঙ্গে আলোচনা করবো?
তিনি বলেন, বিশ্বদরবারে এখন আর কোনো রাজনৈতিক সমস্যার কথা কেউ বলছে না। তাছাড়া, কোনো খুনির সঙ্গে আলোচনা করা যায় না। দুর্নীতিবাজদের সঙ্গে কীসের আলোচনা। যদি দেশের স্বার্থে আমরা সে চেষ্টাও একসময় করেছি। আসলে এতটা রাজনৈতিক দৈন্যতায় বাংলাদেশের মানুষ কখনো পড়েনি।
প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে এবং নারী শিক্ষা ও ক্ষমতায়নে আমাদের সরকারের পদক্ষেপের প্রশংসা করেছেন বিশ্ব নেতারা। একইসঙ্গে তারা আমাদের দেশের আর্থ সামাজিক উন্নয়নেরও প্রশংসা করেছেন।
বিনিয়োগবান্ধব দেশ গড়তে উন্নত দেশগুলো বাংলাদেশ সরকারের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বলেও জানান প্রধানমন্ত্রী।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিতর্কিত মন্তব্য বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, তিনি অবিবেচকের মতো মন্তব্য করেছেন। এর খেসারত তাকে দিতে হবে। তার এ মন্তব্যের জন্য যে পদক্ষেপের সিদ্ধান্ত নেয়া হয়েছে তা বাস্তবায়িত হবে।
কেএইচ





