জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের মাস্টার্স ১ম সেমিস্টারের ছাত্র মাহফুজ (২৩)কে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক আটকের অভিযোগ করেছে তার মা সখিনা বেগম। গ্রেফতারের পর পুলিশ অস্বীকার করছে বলেও তিনি অভিযোগে উল্লেখ করেন।
রোববার গণমধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।
সখিনা বেগম বলেন, রোববার দুপুরে পুরান ঢাকার চকবাজারে আমার সন্তান মাহফুজ পারিবারিক দাওয়াত খেতে না আসায় আমি তাকে ফোন করে জিজ্ঞাসা করি ‘দাওয়াত খেতে আসনি কেন?’ তখন সে আমাকে জানায় ‘আমি পুলিশের কাছে আছি’। এরপর একাধিকবার ফোন করলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।
তিনি বলেন, প্রকাশ্য দিবালোকে সবার সামনে থেকে তাকে গ্রেফতার করলেও এ ব্যাপারে কোতয়ালী থানায় যোগাযোগ করা হলে ডিউটি অফিসার তাকে গ্রেফতারের কথা অস্বীকার করেন।
তাই আমি আশঙ্কা করছি, বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক বা অন্য কোন কারণে পুলিশ তাকে আটক করে থাকতে পারে। তবে আমার জানা মতে, সে কোন রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট নয়। এরপরও যদি সে কোন অন্যায় করে থাকে আইনের মাধ্যমেই তার বিহীত হওয়ার কথা এবং আমি তা’ই আশা করি। কিন্তু সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক দেশের বিভিন্ন স্থানে গুম ও বিচার-বহির্ভূত হত্যাকণ্ডের ঘটনার প্রেক্ষিতে আমার ছেলের জীবন হানির আশঙ্কা করছি। এ ব্যাপারে আমি সরকার, পুলিশ ও সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ ও সহযোগিতা কামনা করছি।
আমি আশা করছি, ‘‘অতি শীঘ্রই আমার সন্তানকে সুস্থ অবস্থায় আবার আমার কাছে ফিরিয়ে দেয়া হবে এবং মুক্ত হয়ে সে তার অধ্যয়ন চালিয়ে যেতে পারবে।’’
বিবৃতি প্রদানকারী
গ্রেফতারকৃত মাহফুজের মা সখিনা বেগম
কটিয়াদী, কিশোরগঞ্জ
জেআই





