নাটোরে মুক্তিপণের দাবিতে অপহরণ করা চার ছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুই অপহরণকারীকে আটক করা হয়।
শহরের আলাইপুর মুসলিম ইনস্টিটিউটের পেছন থেকে বৃহস্পতিবার ভোরে তাদের উদ্ধার করা হয়।
আটকেরা হলেন- শহরের ঘোষপাড়া এলাকার কাঞ্চন ঘোষ ও বড়হরিশপুর এলাকার শামিম রেজা।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ও অপহৃতরা জানান, বুধবার বিকেলে সিংড়া এলাকার চার বন্ধু তারেক, রাজু, রকি ও সৌরভ বাড়ি থেকে বের হয়ে নাটোর শহরে কেনাকাটা করতে আসেন। সন্ধ্যার দিকে শহরের আলাইপুর বইপট্টি এলাকা থেকে রাজুর বন্ধু কাঞ্চন চা খাওয়ানোর কথা বলে কৌশলে তাদের ডেকে নিয়ে যায়।
অপহৃতরা জানান, এর পর কাঞ্চনসহ বেশ কয়েকজন অপহরণকারী তাদের মুসলিম ইনস্টিটিউটের পেছনে প্রাচীরের ভেতর নিয়ে বেঁধে মারধর করে। পরে তাদের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
ওসি জানান, দাবি অনুযায়ী অপহৃত রকির দুলাভাই বিকাশের মাধ্যমে চার হাজার টাকা পাঠিয়ে বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ মোবাইল নম্বর ট্র্যাকিং করে অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে বৃহস্পতিবার ভোরে অপহৃতদের উদ্ধার করে। এ সময় দুই অপহরণকারীকে আটক করা হলেও বাকিরা পালিয়ে যায়। তাদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
জেআই





