সাবেক সংসদ সদস্য টিপু সুলতানের পুত্রবধূ ডা. শামারুখ মাহজাবীন আত্মহত্যা করেছেন বলে ময়না তদন্তের প্রতিবেদন নিশ্চিত হয়েছে চিকিৎসকরা। প্রতিবেদনটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চত করেছেন। রোববার বিকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশের কাছে প্রতিবেদনটি হস্তান্তর করে।
ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক সোহেল মাহমুদ হস্তান্তরের বিষয়টি স্বীকার করেছেন। তবে মাহজাবীনের বাবা প্রকৌশলী নুরুল ইসলাম এই প্রতিবেদন প্রত্যাখান করেছেন।
অধ্যাপক সোহেল মাহমুদ জানান, রোববার দুপুর সাড়ে তিনটায় রিপোর্ট ধানমন্ডি থানার কনস্টেবল হুমায়ুনের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রতিবেদনে আত্মহত্যা উল্লেখ করা হয়েছে।
এদিকে রিপোর্ট প্রত্যাখান করে শামারুখের বাবা নুরুল ইসলাম বলেন, এই প্রতিবেদন আমি বিশ্বাস করি না। টিপু প্রভাব খাটিয়ে ময়না তদন্তের প্রতিবেদন প্রভাবিত করেছে।
উল্লেখ্য, গত ১৩ নভেম্বর রাজধানীর ধানমন্ডির ৬ নম্বর রোডের ১৪ নম্বর বাসা থেকে হলি ফ্যামিলি মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক ডা. মাহজাবীনের লাশ উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে যায় তার শ্বাশুড়ি।
এই ঘটনায় মাহজাবীনের বাবা ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলার আসামি মাহজাবীনের স্বামী হুমায়ুন সুলতান সাদাব এখন কারাগারে রয়েছেন।
কেএইচ





