বন্যা পরিস্থিতির অবনতি ঘটায় দেশের উত্তরাঞ্চলের লাখ লাখ মানুষ পানিবন্দি হওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিস্তীর্ণ ফসলি জমি। বন্ধ হয়ে গেছে বন্যাকবলিত অঞ্চলের পাঁচ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান।
বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের প্রধান প্রধান নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় বন্য পরিস্থিতির অবনতি ঘটেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন ।
আঞ্চলিক সূত্রগুলো জানিয়েছে, বগুড়ায় বন্যার পানিতে অর্ধ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। পাঠদান বন্ধ রয়েছে প্রায় ১০ হাজার শিক্ষার্থীর। গাইবান্ধার চার উপজেলার ১৪০টি প্রাথমিক ও আটটি মাধ্যমিক বিদ্যালয়ে বন্যার পানি প্রবেশ করেছে।
জেলার ৯০টি প্রাথমিক ও ৮টি মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে। চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন জরুরি ভিত্তিতে নিলামে দেয়ার ব্যবস্থা করা হয়েছে।
জামালপুরে চলতি বন্যায় শুক্রবার পর্যন্ত সর্বমোট ১৮২টি শিক্ষাপ্রতিষ্ঠান সম্পূর্ণরূপে বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া কুড়িগ্রামে তলিয়ে আছে দুই শতাধিক প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান।
ঢাকা,৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর





