করোনাভাইরাসে আক্রান্ত রোগী সংকটের কারণে রাজধানীর ৩টি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালের করোনা কার্যক্রম বাতিল করে সাধারণ রোগীর চিকিৎসা দিতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগের এক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়।

ওই আদেশে বলা হয়েছে, করোনাভাইরাস মোকাবিলায় কোভিড-১৯ সংক্রমিত রোগীদের চিকিৎসার প্রয়োজনে ৩ টি হাসপাতালকে কোভিড-১৯ হাসপাতাল হিসেবে কার্যক্রম পরিচালনায় ডেডিকেটেড ঘোষণা করা হয়েছিল। এই ৩টি হাসপাতাল হলো- বাবুবাজারের ঢাকা মহানগর হাসপাতাল, মিরপুরের লালকুঠি হাসপাতাল এবং বসুন্ধরা কোভিড হাসপাতাল।

আদেশে আরও বলা হয়, বর্তমানে ওই ৩টি হাসপাতালের সাধারণ বেড ও আইসিইউ বেডে রোগী না থাকায় বা রোগী কমে যাওয়ায় তাদের কোভিড-১৯ কার্যক্রম বাতিল করে সাধারণ রোগীর চিকিৎসার প্রয়োজনে নন কোভিড চিকিৎসা কার্যক্রম চালুর অনুরোধ করা হলো।

এসব হাসপাতালের কোভিড-১৯ সংক্রান্ত সকল আদেশ বাতিল করার কথাও ওই আদেশে জানায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

এমবি