ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নৃশংসতা বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে। নিরপরাধ শিশুদের উপর ইসরায়েলি সেনাবাহিনীর বর্বরোচিত হামলা বিশ্ব মানবতাকে ভুলুণ্ঠিত করেছে। এ ধরণের জঘন্য অপরাধের ঘটনায় রাজধানী ঢাকার ছিন্নমূল শিশুরাও মর্মাহত। তারা গাজায় শিশুহত্যার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে অভিনব প্রতিবাদ করেছে।
শুক্রবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে দেখা গেছে, একদল ছিন্নমূল শিশু নাটকের মহড়া দিচ্ছে। উদ্যোক্তা সংগঠন শিশুস্বর্গের সাথে কথা বলে জানা গেছে, নাটকের মাধ্যমে প্রতিবাদ জানানোর প্রস্তুতি নিচ্ছে তারা।
মহড়ায় অংশ নেওয়া শিশুদের অনেকেরই রাতে ঘুমানোর জন্য একটি ছোট খুপড়ি ঘরও নেই। তাদের পড়নে নেই ভালো পোশাক। অধিকাংশ শিশুই অর্ধ উলঙ্গ। তবু গাঁজার শিশুদের জন্য তাদের হৃদয় কেঁদে উঠেছে। মহড়ায় অংশ নেওয়া শিশুরা জানান, টিভিতে শিশুদের হত্যা করার দৃশ্য দেখে তাদের ভীষন খারাপ লেগেছে। তাই শিশু হত্যার প্রতিবাদ করছে তারা।
মহড়ার পরই শুরু হয় শিশুদের প্রতিবাদী নাটক। শত্রুর আক্রমণ, আত্নরক্ষার চেষ্টা, সহপাঠির মৃত্যু, ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন, জানাজা, দোয়া প্রার্থনা- যেন নাটকে পুরো গাজাকেই বাস্তব রূপ দেওয়ার আপ্রাণ চেষ্টা। নাটকে অংশ নেওয়া একেকটি শিশুর বয়স পাঁচ থেকে দশ। এ অল্প বয়সী শিশুদের অভিনয়ই শহীদ মিনারের জন পঞ্চাশ দর্শককে আবেগাপ্লুত করেছে।
পুরো আয়োজনটির পেছনে কাজ করেছেন শিশুদের নিয়ে কাজ করা ‘শিশুস্বর্গ’ এর সদস্যরা। সংগঠনটির সদস্য সজীব বলেন, আমরা মূলত শিশুদের নিয়ে কাজ করি। গাজার ঘটনা আমাদের মর্মাহত করেছে। গাজায় যেভাবে শিশুদের হত্যা করা হচ্ছে তা আমাদের ব্যথিত করেছে। সে জায়গা থেকেই আমাদের শিশুরা প্রতিবাদের রাস্তা বেছে নিয়েছে।
শুক্রবার বেলা ১২টা থেকেই শিশুরা শহীদ মিনারে নানাভাবে গাজায় হামলার প্রতিবাদ জানানোর চেষ্টা করেছে বলে জানান তিনি।
উল্লেখ্য, গাজায় ৮ জুলাই থেকে শুরু হওয়াইসরায়েলি হামলায় গত আঠারো দিনে নিহতের সংখ্যা এখন ৮০০ ছাড়িয়ে গেছে। বৃহস্পতিবার জাতিসংঘ পরিচালিত এক আশ্রয় কেন্দ্রে ১৫ জন ফিলিস্তিনি নিহত হওয়ার পর বিশ্বজুড়ে এর তীব্র নিন্দা সত্ত্বেও ইসরায়েল গাজার ওপর গোলা ও বোমা বর্ষণ অব্যাহত রেখেছে।
ঢাকা, ২৬ জুলাই, টাইমনিউজবিডি.কম, এএইচ





