আজ ৭ ডিসেম্বর মাগুরা মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধে পাকহানাদার মুক্ত হয় মাগুরা। পাক বাহিনীর বিরুদ্ধে তৎকালিন মাগুরা মহাকুমায় ব্যাপক প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে সর্বদলীয় সংগ্রাম পরিষদ অগ্রণী ভূমিকা পালন করে।

মুক্তিযুদ্ধের সময় মাগুরার রণাঙ্গনকে তিনটি ভাগে ভাগ করা যায়। উত্তরে ছিল আকবর হোসেন মিয়ার নেতৃতে শ্রীপুর বাহিনী। এ বাহিনীর শিবির ছিল শ্রীপুর থানার শ্রীকোল ইউনিয়নের খামারপাড়া এলাকায়। এ অঞ্চলে মুজিব বাহিনীর প্রধান ছিলেন হাজীপুরের অবুল খায়ের (অব. ডেপুটি সেক্রেটারি)। আড়ুয়াকান্দি ব্রিজের কাছে স্থল মাইন স্থাপন করে পাকিস্তানি বাহিনীকে প্রতিরোধসহ বিভিন্ন জায়গায় সম্মুখযুদ্ধে অংশ নেন তিনি।

মাগুরাকে শত্রু মুক্ত করতে শ্রীপুরের আকবর হোসেন মিয়ার নেতৃত্বাধীন শ্রীপুর বাহিনী, মহম্মদপুরের ইয়াকুব বাহিনী, মহম্মদপুর-ফরিদপুর অঞ্চলের মাশরুরুল হক সিদ্দিকী কমল বাহিনী, মাগুরা শহরের খন্দকার মাজেদ বাহিনী এবং লিয়াকত হোসেনের নেতৃত্বে মুজিব বাহিনীসহ বীর মুক্তিযোদ্ধারা ব্যাপক সাহসী ভূমিকা নিয়ে পাক সেনা ও স্থানীয় রাজাকার আল বদর বাহিনীর সাথে প্রাণপণ যুদ্ধ করে। গেরিলা বাহিনীর ব্যাপক আক্রমনের মুখে পাক বাহিনী পিছু হটতে শুরু করে।

১৯৭১ সালের ৭ ডিসেম্বর হানাদার বাহিনী ও তার দোসররা মাগুরা ছেড়ে ফরিদপুরের কামারখালী অভিমুখে চলে যায়। ওই দিন সন্ধ্যায় আকবর হোসেন মিয়ার নেতৃত্বে শ্রীপুর বাহিনী মাগুরায় প্রবেশ করে প্রশাসনিক দায়িত্বভার গ্রহণ করে। এভাবেই ৭ ডিসেম্বর ১৯৭১ শত্রুমুক্ত হয় মাগুরা। শত্রুমুক্তির আনন্দে মুক্তিকামি মানুষের ঢল নামে সারা শহরে।

সাইফুল্লাহ/এমএম