নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুরে পুকুর থেকে অপহৃত ব্যবসায়ীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বেলা ১১টায় ইউনিয়নের বেহাকৈর থেকে লাশটি উদ্ধার করা হয়। ১ এপ্রিল তিনি অপহৃত হন।
নিহত ব্যবসায়ী ইকবাল উপজেলার কাঁচপুর বেহাকৈর গ্রামের খান বাহাদুরের ছেলে। তিনি কাঁচপুরের সোনাপুর এলাকার হাজী তমিজউদ্দিন মিয়ার মার্কেটের একটি দোকান ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে স্টেশনারির ব্যবসা করতেন।
সোনারগাঁও থানার অফিসার ইন চার্জ (ওসি) কামরুল ইসলাম জানান, সোমবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে অপহৃত ব্যবসায়ী ইকবালের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এদিকে অভিযোগে ব্যবসায়ী ইকবাল খানের স্ত্রী কোহিনূর আক্তার উল্লেখ করেন, ইকবাল খানকে পরিকল্পিতভাবে একটি চক্র অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। অপহরণের পর বুধবার মধ্যরাতে ইকবাল খান তার মোবাইল নম্বরে ফোন করে বন্দর উপজেলার মদনপুর এলাকায় অবস্থান করছে বলে উল্লেখ করলেও পরে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। বৃহস্পতিবার সকালে তিনি স্বামীর ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে দেখেন অজ্ঞাত দুই যুবক ব্যবসা প্রতিষ্ঠানে রাত্রিযাপন করেছিলেন। এ সময় অজ্ঞাত ওই দুই যুবকের কাছে তার স্বামীর সন্ধান জানতে চাওয়া হলে তারা দৌড়ে পালিয়ে যান। সন্দেহ করা হচ্ছে, ওই দুই যুবক তার স্বামীকে অপহরণের ঘটনার সঙ্গে জড়িত।
কেএইচ





