রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতা বিকেন্দ্রীকরণ করতে হবে মন্তব্য করে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলী খান বলেছেন, বাংলাদেশে আরেকটি নির্বাচনের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা হবে এটা নিশ্চিত না। যে দল ক্ষমতায় আসে সে দলই প্রভাব খাটায়। গণভোটের ব্যবস্থা ফিরিয়ে আনলে বাংলাদেশের রাজনীতিতে অনেক পরিবর্তন আনা সম্ভব।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত “বাংলাদেশ গণতন্ত্রের পরিস্থিতি: কিছু ভাবনা” শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

আকবর আলী খান বলেন, তিনি বলেন, দেশের চলমান অবস্থায় স্বস্তিতে থাকার কোনো সুযোগ নেই। দেশের চলমান রাজনৈতিক অবস্থা এভাবে চলতে থাকলে বাংলাদেশ একদিন অগ্নিগর্ভে রূপান্তরিত হবে।

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এই উপদেষ্টা বলেন, বাংলাদেশের রাজনীতি হালুয়া-রুটিতে পরিণত হয়েছে। আদর্শবাদী মানুষ রাজনীতি থেকে দূরে সরে গেছে। হালুয়া-রুটির ভাগাভাগিতে ক্ষমতার ব্যবহার হচ্ছে। এর জন্য আমাদের সকলকেই এগিয়ে আসতে হবে। যাতে করে আদর্শবাদী মানুষ রাজনীতিতে আসে। রাজনীতির সমস্যার সমাধান আমাদেরকেই খুজতে হবে।

সুজনের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচন মানে চয়েজ অথচ গত ১০ম জাতীয় সংসদ নির্বাচনে ১৫৪আসনে বিনা ভোটে প্রার্থী নির্বাচিত হয়েছে। দেশের চলমান সংকট নিরসনে রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনার  মাধ্যমে সমস্যার সমাধান না হলে দেশ অস্থিরতার দিকে এগিয়ে যাবে।

এর আগে রাষ্ট্র বিজ্ঞানী ও রাজনৈতিক বিশ্লেষক ড. রওনক জাহান বাংলাদেশের গণতন্ত্রের পরিস্থিতি বিষয়ে তার এক গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন।

সুজনের সভাপতি এম হাফিজ উদ্দিন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী অধ্যাপক আবু সায়ীদ, প্রকৌশলী মিজবাহ আলী, সাবেক উপসচিব শাহাদাত আলী, রাজনীতিবিদ হুমায়ুন কবির হিরু প্রমুখ।

ঢাকা, আইএইচ,১২ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ