ভালো কাজের প্রলোভনে বেনাপোল সীমান্ত পথে অবৈধভাবে ভারতে পাচারের সময় নারী-পুরুষ ও শিশুসহ ১০ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
আজ সোমবার ভোরে বেনাপোল সীমান্তের সাদিপুর এলাকা থেকে ৪৯ ব্যাটালিয়নের সদস্যারা তাদের আটক করে। তবে এ সময় কোনো পাচারকারী আটক হয়নি।
আটকরা হলেন- পিরোজপুরের অমুল্য কুমার মন্ডোল (৩০), নড়াইলের লতা রায় (৩৫), পুতুল সরকার (৩৫), শিশু পুজা (০৭) ও তিথা সরকার (০৩), যশোরের নিহা (২০), শরিফুল ইসলাম (২০), নরসিংদীর জুয়েল রানা (২০), আজমান (২৫) ও জোৎনা আক্তার (২৬)।
বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের বিজিবির নায়েক আব্দুর রশিদ জানান, তাদের কাছে খবর আসে বেশ কিছু নারী ও শিশুকে ভারতে পাচারের উদ্দেশে পাচারকারীরা সীমান্তে অবস্থান করছে। পরে বিজিবি অভিযান চালিয়ে ভারত সীমান্তবর্তী এলাকা বেনাপোলের সাদিপুর গ্রাম থেকে তাদের আটক করে।
এ সময় কৌশলে পালিয়ে যায় পাচারকারীরা। আটকদের অবৈধ অনুপ্রবেশের অভিযোগ দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে জানান তিনি।
বেনাপোল পোর্টথানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকদের দুপুরে থানা থেকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।
নাছির/এমবি





